
জামালপুরের ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে মা রাইস মিল নামের একটি চালকলের গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল মা রাইস মিলে অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির চালবাহী ২০৬ বস্তা (প্রতিটি বস্তায় ৫০ কেজি) জব্দ করা হয়। মিলটি ভাড়া নিয়ে ব্যবসায়ী আরিফ মিয়া সেখানে এসব চাল মজুত করেছিলেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “ব্যবসায়ী আরিফ মিয়া দাবি করেছেন, তিনি বৈধভাবে চাল কিনেছেন, কিন্তু কোনো উপযুক্ত কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। ফলে গোডাউনটি সিলগালা করা হয়েছে এবং চাল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই আরিফ মিয়া গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত করে বাজারজাত করছিলেন। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ইসলামপুর থানা পুলিশ।