
সিরাজগঞ্জ জেলায় চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল জব্দ করেছে চৌহালী প্রশাসন। এ সময় মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়।
রোববার রাতে চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে এ অভিযান চালানো হয় বলে চৌহালী থানার ওসি আব্দুল বারিক তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী (২৮) ওই এলাকার রুস্তম আলীর ছেলে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া চালগুলো মহিলা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী নারীদের জন্য বরাদ্দকৃত ছিল। ৩০ কেজি ওজনের ২১০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় ওই এলাকার শাহজাহান সর্দার, রুস্তম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান।