
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে দাঁতমারা, নারায়নহাট, ভুজপুর, সুয়াবিল, লেলাং, রোসাংগিরী, সমিতিরহাট ও ধর্মপুর ইউনিয়নের বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর সীমান্তে হালদা নদীর উপর কাঠের সেতুটি ভেসে যাওয়ায় দুই পাড়ের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গহিরা-হেঁয়াকো সড়কসহ অনেক গ্রামীণ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সর্তা খালের বাঁধ ভেঙে ধর্মপুরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানান।
এছাড়া, মাছের ঘের ও ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফা নাসরিন জানান, হালদা নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে।