
চট্টগ্রাম নগরে অতি ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের চকবাজার, কাতালগঞ্জ, মোহাম্মদপুর, জিইসি মোড়, কৈবল্যধাম ও ইস্পাহানি সি গেটসহ একাধিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। এতে সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শনিবার বিকেল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি রাতভর চলেছে এবং রোববার সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দুপুর ৩টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ‘অতি ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। অনেক জায়গায় যানবাহন বন্ধ হয়ে পড়েছে, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাগুলোর ইঞ্জিন পানিতে নষ্ট হয়ে গেছে। বিকল্প রাস্তায় ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
আবহাওয়া অফিস জানায়, এ ধরনের বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। ফলে নাগরিক দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।