
কোটা বিরোধী আন্দোলনে গত বছরের ৩ আগস্ট রাজধানী ঢাকার কাজলা পেট্রোল পাম্প এলাকায় মো. সেলিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এমন অভিযোগ এনে তারই বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু (৫২) গত ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। মামলার সাক্ষী সেলিমের আপন দুই ভাই হেলাল উদ্দিন (৫৫) এবং আবুল হোসেন (৫৪)।
মামলায় যাকে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখানো হয়েছে তিনি বর্তমানে জীবিত। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ধামর বেলতলি বাজারে নিজ এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করছেন। গত কয়েকদিন আগে এই ঘটনাটি ফাঁস হওয়ায় ফুলবাড়ীয়াসহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
(৩১ মে) শনিবার বিকেলে স্থানীয় গণমাধ্যমের কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ভুক্তভোগী ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সোলায়মান হোসেন সেলিম (এটা প্রকৃত নাম)। কিন্তু মামলায় তাকে মো. সেলিম হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, মস্তু এলাকায় একজন চিহ্নিত ডাকাত এবং সে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গত ১৫ বছর ধরে সে বাড়িতে আসে না। কিন্তু বাড়িতে না এলেও সে আমার বাকি দুই ভাইকে দিয়ে আমার সম্পত্তি গ্রাস করতে মরিয়া হয়ে উঠেছে। আমার কোনো ছেলে সন্তান না থাকায় তারা আমাকে সব সম্পত্তি তাদের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। তাদের অত্যাচারে বাধ্য হয়ে আমি পৈত্রিক ভিটা ছেড়ে বেলতলি বাজারে আড়াই শতক জমি কিনে বাড়ি ও দোকান করে জীবিকা নির্বাহ করছি। পৈতৃক ভিটায় গেলেই ঝগড়া বাধে, তাই সেখানে যাই না।
তিনি আরও বলেন, মস্তুসহ আমার অন্য দুই ভাই আমাকে মামলায় মৃত দেখিয়েছে, হয়তো সুযোগ পেলেই তারা আমাকে মেরেই ফেলত। বিষয়টি বুঝতে পেরে এখন আমি সতর্ক। কিন্তু পুলিশ কীভাবে একটি মিথ্যা মামলা নিলো, তা বুঝতে পারছি না। মামলার কারণে আমি হয়রানির শিকার হচ্ছি। আমাকে প্রমাণ করতে হচ্ছে, যে আমি বেঁচে আছি। এই পর্যন্ত পাঁচবার যাত্রাবাড়ী থানা এবং ডিবি অফিসে গিয়েছি। তবুও এ ঘটনার শেষ হচ্ছে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।