
চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) ডিম ছেড়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে নদীর প্রায় ৮-১০টি স্থানে এই ডিম ছাড়ে। ডিম সংগ্রহকারীদের তথ্য অনুযায়ী, নদীতে স্বাভাবিকের তুলনায় পানি ৫-৭ ফুট বেড়ে যাওয়ায় সংগ্রহে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
রাতে শত শত নৌকায় করে ডিম সংগ্রহ করা হয়। প্রতিটি নৌকায় ২ থেকে ৫ বালতি পর্যন্ত ডিম পাওয়া গেছে। কারও কারও নৌকায় ৫-৭ বালতিও ডিম পাওয়া গেছে বলে জানান রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসাইন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, প্রায় ৩৫০-৪০০টি নৌকায় ৬০০-এর বেশি মানুষ ডিম সংগ্রহে অংশ নেয়। তবে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় সংগ্রহে অসুবিধা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে হালদা থেকে ১,৬৬০ কেজি ডিম সংগৃহীত হয়। আগের বছরগুলোতে ছিল—২০২৩ সালে ১৪,৬৬৪ কেজি, ২০২২ সালে ৭,২০০ কেজি, ২০২১ সালে ৮,৫০০ কেজি এবং ২০২০ সালে সর্বোচ্চ ২৫,৫০০ কেজি। বর্তমানে সংগৃহীত ডিম হ্যাচারিতে সংরক্ষণের পর পরিমাণ নির্ধারণ করা হবে।