
চট্টগ্রামে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ও ‘শাহবাগ বিরোধী ঐক্য’র মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
গণতান্ত্রিক ছাত্রজোট দাবি করেছে, সংঘর্ষে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী পুষ্পিতা নাথ জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে শাহবাগ বিরোধী ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদ বলেন, বাম সংগঠনগুলো আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চক্রান্ত করছে, যা তারা প্রতিহত করবে।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, হালকা ধরণের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।