
চট্টগ্রামের ফটিকছড়িতে এ বছর কাঁঠালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। উপজেলার ১,২৮৫ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে প্রায় ৮,২৮০ মেট্রিক টন কাঁঠাল। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার সুস্বাদু কাঁঠাল, বিশেষ করে খাজা জাতটি।
কৃষি বিভাগ জানায়, নারায়ণহাট, শান্তির হাট, দাঁতমারা, হেয়াকো, বাগানবাজার ও কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি কাঁঠালের চাষ হয়। এবছর আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব না থাকায় ফলন হয়েছে আশানুরূপ। বাজারে বিক্রি হচ্ছে বারি-১, বারি-২, দোসরা, গালা ও খাজা কাঁঠাল।
বাগানিরা জানান, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে নিজেদের উৎপাদিত কাঁঠাল রামগড়, হেয়াকোসহ বিভিন্ন হাটে বিক্রি করছেন। তবে পাইকারদের সিন্ডিকেট ও ন্যায্যমূল্যের অভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হিমাগার না থাকায় অনেক সময় কম দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হন তারা।
স্থানীয় ব্যবসায়ী ও পাইকাররা জানান, ফটিকছড়ির কাঁঠালের স্বাদ ও মান এতটাই ভালো যে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে। এ বছর প্রায় ১৭ কোটি টাকার কাঁঠাল বিক্রির আশা করছে কৃষি বিভাগ।