
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনাপুর বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে বালিয়াকান্দি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞত্তির মাধ্য পুলিশ জানায়, বালিয়াকান্দি থানাধীন নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে কালুখালী থানাধীন মাঝবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের 'আরজু গ্রুপ' ও বেতবাড়িয়া গ্রামের 'শিমুল গ্রুপ'-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৫ মে দুপুরে ওই বিরোধ চরম আকার ধারণ করে এবং শিমুল গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আরজু গ্রুপের তিন সদস্যের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন চর কুলটিয়ার আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫) এবং বাচ্চু মণ্ডল (৩৮)। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিলন ওরফে কদমের মৃত্যু হয়। এরপর নিহতের বড় ভাই মো. আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । সেই মামলায় পুলিশ চার আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: বালিয়াকান্দি থানার পদমদী মিয়া পাড়া গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মো. মিজান মিয়া (১৯), একই উপজেলার সদাশিবপুর গ্রামে নান্নু শেখের ছেলে মো. লিমন শেখ (২০), মোতালেব শেখের ছেলে মো. রাজিব শেখ (২৫) ও ঘোরামারা গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মো. সোহাগ ফকির (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।