
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙন চরম মানবিক বিপর্যয় ডেকে এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহত নদীভাঙনে ইতোমধ্যেই সাত শতাধিক পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
প্রতিদিনই নতুন নতুন বসতভিটা ও অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে পাকরুল ও কাঠমার বিভিন্ন অংশে ভাঙনের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং ব্যক্তিমালিকানাধীন ঘরবাড়ি একে একে যমুনার গর্ভে হারিয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে রাস্তার পাশে, বাঁধের ওপর কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। অনেকেই খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন। ত্রাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসাসেবারও ঘাটতি রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদীভাঙন রোধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তারা বলেন, শুধু সাময়িক ত্রাণ নয়—দীর্ঘমেয়াদে এই দুর্যোগ মোকাবেলায় টেকসই বাঁধ নির্মাণ, নদীশাসন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা জরুরি।
ভাঙনকবলিত জনগণ দ্রুত সরকারি হস্তক্ষেপ ও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন, যাতে যমুনার ক্রমাগত গ্রাস থেকে জনপদ ও জীবন-জীবিকা রক্ষা করা যায়।