
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ড দেউলি এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী শামীমকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (২৩ মে ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তাকে ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শামীম স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তিনি স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি পদে রয়েছেন। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি (অফিসার ইনচার্জ) বিষয়টি নিশ্চিত করে বলেন, “শামীমকে শুক্রবার সন্ধ্যায় একরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শামীমের গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখলেও, তার সমর্থকরা বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলেও অভিযোগ তুলেছেন।