
মনির আহমদ আজাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়।
এ উপলক্ষে আমিরাবাদ ও কলাউজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “আপনার ভোট আপনি নিজেই-দেখে-শুনে, বুঝে যাকে খুশি তাকেই ভোট দেবেন। কোনো ধরণের ভয় পাওয়ার কারণ নেই। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন।”
তিনি আরও বলেন, “কোনো অপশক্তিকে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ইউএনও জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে লোহাগাড়ায় বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রয়োজন অনুযায়ী র্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, “এই নির্বাচনে সবাই সুন্দর পরিবেশে, শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রশাসন আপনাদের পাশে আছে।”
সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, ভয়ভীতি বা বিশৃঙ্খলা রোধে লোহাগাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।