প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান

বেলায়েত হাওলাদার
মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের গদাদদ্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি মুরাদ মুন্সি (৪৫) তার বসতঘরের পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যায়। তবে যৌথবাহিনী ঘরটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা আক্তারকে (৪০) আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত নারীর ঘর তল্লাশি করে যৌথবাহিনী ১৭১ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ও অর্থ জব্দ করা হয়েছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।