প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

মোঃ শরিফুল ইসলাম
কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত কৃষিজাত পণ্য, বীজ ও কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং এসব পণ্যের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।কৃষকদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড দেওয়া হবে।
সেলিম রেজা জানান, সরকারি ভর্তুকি, প্রণোদনা ও কৃষিখাতে বিদ্যমান সুযোগ-সুবিধা যেন প্রকৃত কৃষকদের মধ্যেই সঠিকভাবে পৌঁছায়, সে লক্ষ্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি শ্রমিকদের ন্যায্য শ্রমমূল্য নিশ্চিত করা এবং তাদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে।
তিনি আরও বলেন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন করা হবে এবং কৃষিপণ্য বাজারজাতকরণে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসে।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সেলিম রেজা। এর ফলে কৃষি কাজে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেলিম রেজা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকে তিনি কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করতে চান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।