প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাঁর নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেছেন।
ইশতেহারে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবেন। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলে জনগণের সেবায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
সেলিম রেজা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে তাঁর জিরো টলারেন্স নীতি। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মিথ্যা মামলায় যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তিনি ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবেন বলেও আশ্বাস দেন।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, সকল পর্যায়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতে এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও দোয়ায় সিরাজগঞ্জ-১ আসনকে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে—ইনশাল্লাহ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।