
খ,ম,জায়েদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়া–০২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।ব্যারিস্টার রুমিন ফারহানা ইইউ পর্যবেক্ষক দলের কাছে ব্রাহ্মণবাড়িয়া–০২ আসনের বাস্তব রাজনৈতিক চিত্র তুলে ধরে বলেন, জনগণের প্রত্যাশা হলো—ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। তিনি ভোটারদের স্বাধীন মত প্রকাশ ও নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন কমিশনের প্রস্তুতি, মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
তারা জানান, নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাস্তব চিত্র সংগ্রহ করা হচ্ছে।এ সময় পর্যবেক্ষক দল নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী, নির্বাচনী টিমের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিনে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।