প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

ফয়সাল আহমেদ শাকিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ভোটারদের মধ্যে গণসচেতনতা তৈরি করতে এই ভোটের গাড়ি সারা বাংলাদেশে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রচারণার অংশ হিসেবে 'গণভোট ২০২৬ দেশের চাবি আপনার হাতে' এই বিষয়কে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে এ কার্যক্রম পরিচালিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিন বলেন, জুলাই -২৪ বিপ্লবের শহীদ শেখ সহ সকল শহীদের স্বপ্নের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সকল নাগরিকদের প্রয়োজন, হ্যাঁ ভোট দেওয়া। কারণ হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই দেশে আর কখনো ফ্যাসিস্ট জন্ম হবে না। আর আমার মতো এই দেশে কেউ সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না।
এসময় উপজেলা ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়াও প্রামাণ্যচিত্র ও পরিবেশনা দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।