প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

তোফাজ্জেল হোসেন
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসের নিচে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহত কৃষিবিদের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র (সিআইএমএমওয়াইটি)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের বাসিন্দা ও মোঃ মতিউর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের শ্বশুর বলেন, তিন দিন ধরে নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পরিবার চরমভাবে ভেঙে পড়েছে। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।