প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

গাজী মাহমুদ পারভেজ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী।
তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকালীন সময়ে সকল দলের প্রার্থী যেন নির্বিঘ্নে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ তৎপর থাকবে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।”
ওসি আরও জানান, ভোটকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় তিনি সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ বা মিছিল আয়োজনের পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে, যাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এই কঠোর ও নিরপেক্ষ অবস্থান নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাধারণ ভোটারদের মধ্যেও এতে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।