
আলফাজ মামুন নুরী
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতি পাওয়া সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারকে যৌথবাহিনী আটক করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় নিজ বাড়ির পার্শ্ববর্তী ব্যক্তিগত মৎস্যঘের থেকে তাঁকে আটক করা হয়।
দিদারুল হক সিকদার টানা তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে দুইবার নৌকা প্রতীকে এবং সর্বশেষ ২০২১ সালের নভেম্বর মাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি বর্তমানে চকরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আটকের পর দিদারুল হক সিকদার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি কোনাখালীবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দোয়া কামনা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে যৌথবাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, দিদারুল হক সিকদারের বিরুদ্ধে বিদ্যমান মামলাসমূহ যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।