প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

কাসফি ওয়াহিদ
ঋণ পুনঃতফসিল হওয়ায় চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে তিনি এখন থেকে ঋণ খেলাপি হিসেবে গণ্য হবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন। আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে সারোয়ার আলমগীরের দায়ের করা রিট আগামী রোববার (২৫ জানুয়ারি) শুনানি হবে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
আইনজীবীদের তথ্যমতে, প্রিমিয়ার লিজিংয়ের কাছে সারোয়ার আলমগীরের পাওনা রয়েছে ১৬ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া পাঁচটি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ প্রায় ২১৪ কোটি ৪৩ লাখ টাকা।
এর আগে হাইকোর্ট সারোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।