প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ ‘ভোটের রিকশা’ উদ্বোধন

মাহে আলম মাহী
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, ভোলার আয়োজনে ব্যতিক্রমী প্রচার কার্যক্রম “ভোটের রিকশা”–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই গণতন্ত্রকে শক্তিশালী করে। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাবো। জেলা তথ্য অফিস ও সকল দপ্তর এই প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রান্তিক জনগণ গণভোট সম্পর্কে জানতে ও বুঝতে পারে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার মোঃ ওয়াহেদুজ্জামান, তাজবীউল ইসলাম ইসকেম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুন্নবী, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে “ভোটের রিকশা” শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানায়।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, নির্বাচনের পূর্বপর্যন্ত এ প্রচার কার্যক্রম সারা জেলায় অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে প্রান্তিক ভোটারদের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।