
মোঃ বিদ্যুৎ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে দ্বিমুখী। প্রতীক বরাদ্দ শেষে তিন প্রার্থী মাঠে থাকলেও লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (দাঁড়িপাল্লা)। এছাড়া এবি পার্টির মতিবুল হক (ঈগল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধানের শীষের প্রার্থী সামসুজ্জোহা খান দৃশ্যমান প্রচার-প্রচারণায় শুরু থেকেই এগিয়ে রয়েছেন। তবে ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক থাকায় ভোটাররা সহজে মুখ খুলছেন না বলে জানা গেছে। সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতে ইসলামী ভিন্ন কৌশলে এগুচ্ছে। তাদের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় মূল্যবোধ ও সততার বার্তা দিয়ে নারী ভোটারদের সমর্থন আদায় করছেন। ধামইরহাট ও পত্নীতলার কিছু এলাকায় জামায়াত প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এই আসনে প্রায় ৪০ হাজার নতুন ভোটার রয়েছেন, যারা নির্বাচনের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের পাশাপাশি ২০২৬-এর গণভোট ইস্যু নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন। অভিযোগ উঠেছে, বিএনপি গোপনে 'না' ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রকাশ্যে 'হ্যাঁ' ভোটের সমর্থনে জোরালো প্রচারণা চালাচ্ছেন।
শেষ পর্যন্ত ধানের শীষের প্রথাগত ভোট ব্যাংক বনাম জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনীর লড়াইয়ে কে জয়ী হয়, তা দেখতেই মুখিয়ে আছেন নওগাঁ-২ আসনের সাধারণ ভোটাররা।