প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ শরিফুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–১ (কাজিপুর ও আংশিক সদর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা সেলিম রেজা তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।আজ সকালে তিনি তার পিতা, কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আফজাল হোসেন সরকারের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সেলিম রেজা বলেন, “আমার পিতা মরহুম আফজাল হোসেন সরকার আজীবন কাজিপুরের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তার আদর্শ অনুসরণ করে কাজিপুরবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র সংকটের মুখে পড়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং কাজিপুর উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করা হবে।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সেলিম রেজার নির্বাচনী প্রচারণা শুরুর মাধ্যমে কাজিপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এলাকায় গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।