প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

রবিউল ইসলাম
আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।এর আগে লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন টাঙ্গাইল-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। আপিল শুনানিতে লিয়াকত আলীর পক্ষে আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।
শুনানিকালে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন,
“একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে হবে।”
সব পক্ষের বক্তব্য পর্যালোচনা ও আইনগত দিক বিবেচনার পর নির্বাচন কমিশন আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।