
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন,শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) এবং ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাশ (২৮)। মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশি ব্যবস্থাপনায় পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।