
জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় অবস্থিত হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা শহীদ (রহ.)-এর মাজার শরীফ পরিদর্শন ও জিয়ারত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। তবে এবার সেই পরিস্থিতি আর থাকবে না। মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।
প্রেস সচিব আরও বলেন, সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবে যে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষামাত্র।
মাজার জিয়ারত শেষে প্রেস সচিব মাজার কম্পাউন্ডে একটি বৃক্ষ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, ইয়াসিন খাদেম, কাজী রুপম খাদেম, সোহেল খান খাদেম, আল কাবার খাদেমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।