
নুর আমিন রহমান
লালমনিরহাট-২ (হাতীবান্ধা–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনে নীরব ভূমিকা রাখার অভিযোগ উঠেছে।স্থানীয় রাজনৈতিক কর্মী ও সচেতন মহলের দাবি, বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে রোকন উদ্দিন বাবুলের ঘনিষ্ঠ যোগাযোগ দেখা গেছে। এমনকি কয়েকটি সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বিএনপির তৃণমূল পর্যায়ে।বিএনপির স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের উপেক্ষা করে আওয়ামী লীগপন্থিদের সঙ্গে সমঝোতার চেষ্টা দলীয় আদর্শের পরিপন্থী। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা মনে করেন।এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি দলীয়ভাবে যাচাই করা জরুরি বলেও তারা মন্তব্য করেন।তবে এ অভিযোগের বিষয়ে রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।