
রহমত আরিফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম।
বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসন। কারণ এ আসনে মির্জা ফখরুল ছাড়াও ভোটে অংশ নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামি আন্দোলনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে মির্জা ফখরুলের পক্ষে থেকে ভোট প্রদানের আহবান জানান তিনি। শুধু শহরেই নয়- প্রতিদিনই সদর আসনের প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ।
মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদের সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। মির্জা ফখরুলের ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ভোটে অংশ নিয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে- অতীতে যেমন করে আপনারা তার পাশে ছিলেন ঠিক একই ভাবে এবারও মির্জা ফখরুলের পাশে থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত করবেন।