
লোহাগাড়া উপজেলায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত মাটিখেকো চক্র কর্তৃক ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতেও অবৈধ মাটি উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন আশ্বাস প্রদান করেছে। ###