ইব্রাহিম বাদশা, মিরসরাই, চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৬-২৭ সেশনের জন্য খুচরা সার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মিরসরাই পৌরসদরস্থ একটি রেস্টুরেন্টে উপজেলার সার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ব্যবসায়ী মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর।
সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ওমর ফারুক, সাইফুল রহমান, রেদোয়ান হোসেন, নিজাম উদ্দিন, রুবেল মজুমদার, সাধন চন্দ্র শীল ও মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা খুচরা সার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বর্তমানে যারা খুচরা সার বিক্রেতা হিসেবে আইডিকার্ডধারী রয়েছেন তাদের সদস্যপদ বহাল রাখা, প্রত্যেক খুচরা সার ব্যবসায়ীকে টিও লাইসেন্স প্রদান করা এবং বিদ্যমান সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধন করে তা ব্যবসায়ী ও কৃষকবান্ধব হিসেবে প্রণয়ন করা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ মফিজুল ইসলামকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সহ-কোষাধ্যক্ষ রেদোয়ান হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন এবং সহ-প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দীন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ শামছুউদ্দীন, মোঃ হেদায়েত উল্লাহ ও মোঃ নিজাম উদ্দীনকে মনোনীত করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী সেশনে মিরসরাইয়ের সার ব্যবসায়ীদের মানোন্নয়ন ও নায্য অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।