প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফতার -৩

সুমন আহমদ খান
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
রোববার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি এলাকা থেকে সিএনজি চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪), ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খান (২৩) কে গ্রেপ্তার করা হয়। এর আগে নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ‘নাঈম এন্ড হাদী’ নামীয় সিএনজি (রেজি: সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী ওই সিএনজিতে ওঠেন পুলিশ সদস্য সাদেকুর রহমান। নাইওরপুল এলাকার দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে তার প্যান্টের পকেট থেকে ছোট বোনের বিয়ের জন্য রাখা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সল ডাকাতির মামলার আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।