প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

সুমন আহমদ খান
সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে একটি মসজিদের রাস্তা নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এছাড়া দুই মাস আগে গাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এসব ঘটনায় উভয় পক্ষই একাধিক মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের ছোট ভাই রায়হান আহমদ অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।’
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।