প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবেশ হুমকিতে

সবুজ মন্ডল
রাজবাড়ীর কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া ধুপুরিয়া গ্রামে প্রকাশ্যে বেকু (এক্সকাভেটর) দিয়ে সমতল ভূমি কেটে প্রতিদিন শত শত ট্রাক মাটি বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে এলাকার পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফসলি জমি ও বসতভিটা সংলগ্ন সমতল ভূমি থেকে মাটি কেটে তা ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেকু দিয়ে মাটি কাটা ও ট্রাক চলাচলের কারণে গ্রামটির রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এভাবে মাটি কাটার ফলে জমি নিচু হয়ে যাচ্ছে। ভবিষ্যতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ফসল উৎপাদন ব্যাহত হবে। আমরা বিষয়টি একাধিকবার জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
পরিবেশবিদদের মতে, এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এটি পরিবেশ সংরক্ষণ আইন ও ভূমি ব্যবস্থাপনা নীতিমালার সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত করে অবৈধ মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।