প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

এমরান আলী
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (০৭ ও ০৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ এলাকায় একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭ শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন,“সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।