
মনিরুজ্জামান মনির
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগ ও আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে 'এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম। সার্বিক সহযোগিতায় ছিল জেলা তথ্য অফিস, মৌলভীবাজার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকর্মীদের সাথে সরাসরি সংলাপে মিলিত হয়ে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "গণমাধ্যম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মেরুদণ্ড। নির্বাচনকালীন সময়ে সঠিক, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে তারা জনগণকে সচেতন করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।"
বিশেষ অতিথি আসিফ মহিউদ্দীন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও গণমাধ্যমের সাথে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আস্থা প্রদান করেন।
সেমিনারে স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে নির্বাচনী আচরণবিধি, ভুয়া খবর প্রতিরোধ, তথ্য প্রাপ্তির সুযোগ, এবং নির্বাচনী পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের নৈতিক দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সকল প্রশ্নের সরাসরি ও বিস্তারিত জবাব দেন, যা অনুষ্ঠানে উন্মুক্ত ও গঠনমূলক সংলাপের পরিবেশ সৃষ্টি করে।
গণতন্ত্রের এই মহাযজ্ঞে গণমাধ্যমই হতে পারে সবচেয়ে শক্তিশালী নিয়ামক—এই প্রত্যয়ে সমাপ্তি ঘটে মৌলভীবাজারের এই সময়োপযোগী সেমিনারের। অনুষ্ঠানটি কেবল প্রশ্ন-উত্তরের সীমানা পেরিয়ে রূপ নেয় একটি প্রতিশ্রুতির বাতাবরণে, যেখানে সাংবাদিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা একই মঞ্চে দাঁড়িয়ে স্বীকৃতি দেন সত্য ও ন্যায্যতার শক্তি। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এরকম উপলব্ধির আলোয় আলোকিত হয়ে স্থানীয় গণমাধ্যম এগিয়ে যাবে একটি দায়িত্বশীল, সাহসী ও নির্মোহ পর্যবেক্ষকের ভূমিকায়—যার ছাপ পড়বে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি পর্যায়ে। আয়োজকরা তাদের কথায় ও কাজে ইঙ্গিত দেন, এ যাত্রা থেমে থাকবে না; গণতন্ত্রের চিরন্তন সাথী এই পেশার সক্ষমতা বাড়াতে এমন কর্মশালা ও সংলাপ চলমান থাকবে, তৈরি করবে একটি উদ্দীপিত ও সজাগ মিডিয়া ল্যান্ডস্কেপ।