প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :- এস এম নজরুল ইসলাম
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে
গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম হোসাইন মোঃ লিওন (২১)। তিনি গৌরনদী পৌরসভার ১
নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ জহিরুল ইসলাম বাবুল ।
পুলিশ জানায়, গৌরনদী মডেল থানার সাধারণ ডায়েরি নং-২১৭ (তারিখ: ০৬ জানুয়ারি ২০২৬) এর সূত্র ধরে
এসআই (নিরস্ত্র) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা
তামিল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন মিতালী ট্রেডার্সের সামনে পাকা
সড়কে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে
একটি সাদা (স্বচ্ছ) পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৫.১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫
হাজার ৩০০ টাকা। ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করা হয় এবং এর মধ্যে ২ পিস ইয়াবা রাসায়নিক পরীক্ষার
জন্য আলাদা করে সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক
নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।