
মোঃ সাইদুর রহমান
মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকা ও বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য বিক্রির সময় ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়। কলেজ এলাকার মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং বেউথা এলাকার মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত মূল্য অমান্য করে এলপিজি গ্যাস বিক্রি করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।