
মনির আহমদ আজাদ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হঠাৎ করেই তীব্র সিলিন্ডার গ্যাস সংকট দেখা দিয়েছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক এলাকায় দোকানে দোকানে খোঁজ করেও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও মিললেও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ভুক্তভোগী গৃহিণীরা জানান, গ্যাস না থাকায় রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে কাঠ বা বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে কষ্টকর অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। হোটেল মালিকরা বলছেন, গ্যাস সংকটে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে দোকান বন্ধ রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, গ্যাস সরবরাহ ব্যবস্থায় জড়িত সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে লোহাগাড়ার সিলিন্ডার গ্যাস বাজারকে সিন্ডিকেটমুক্ত করা এখন সময়ের দাবি।