
মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁর নজিপুর বাজারের নিরাপত্তা জোরদার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। সোমবার (৫ জানুয়ারি) রাতে নজিপুর পৌরসভা মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার বলেন, নজিপুরে ব্যবসায়িক পরিবেশ নিরাপদ রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে। বাজারের অবৈধ পার্কিং ও যানজট নিরসনে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো সমস্যায় সরাসরি ওস বা পুলিশ সুপারকে কল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা তৎপর।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় ব্যবসায়ীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।