
সুমন আহমদ খান
ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেছেন, হিংসা-বিদ্বেষ, দখলদারি ও চাঁদাবাজির রাজনীতি পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, রাজনীতিতে সুস্থ ধারার প্রত্যাবর্তনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে কোনো অবস্থাতেই প্রতিহিংসা থাকা উচিত নয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুনতাছির আলী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, জোটের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে বিজয়ী করার মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কাজ করছে ১০ দলীয় জোট। নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জোট প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, তাকে কোনো একক দলের প্রার্থী হিসেবে নয়, বরং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয়, একজন সেবক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করার অঙ্গীকারও করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।