
আবু সায়েম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে ঘিরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ঢল নামে, সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
বুধবার বিকেলে উপজেলার রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওগাঁ ৪৬-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী জানাজায় অংশ নেন। পাশাপাশি সাধারণ জনগণ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও এতে উপস্থিত ছিলেন।
এরপর উপজেলার ৬ নং পাড়ঐল ইউনিয়নের বীর জোয়ান উচ্চ বিদ্যালয় মাঠেও আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শোকাতুর মুসল্লিরা দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন। আবেগাপ্লুত কণ্ঠে অনেকেই তাঁকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে স্মরণ করেন।
অনুষ্ঠানস্থলে বক্তারা বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসী নেতৃত্ব ছিল দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়।”
তাঁরা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী নারী নেতা হারাল। বক্তারা দলের সকল পর্যায়ের নেতা–কর্মীদেরকে তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে সংগঠিত থাকার আহ্বান জানান।
জানাজা উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকাজুড়ে কালো ব্যাজ, ব্যানার ও ফেস্টুনে শোকের আবহ সৃষ্টি হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় অসহায় ও দুস্থদের সহ উপস্থিত সকল মানুষের জন্য বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে খাবারের ব্যবস্থা করা হয়।
শোকাতুর পরিবেশে পুরো স্কুল মাঠ প্রাঙ্গণ প্রার্থনায় মুখর হয়ে ওঠে—
“আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন”—এমন আকুতিতে ভরে ওঠে উপস্থিত মানুষের হৃদয়।
আমিন- আল্লাহ হুম্মামিন কন্ঠে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।