প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

মোঃ রাতুল হাসান লিমনসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায়
অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন শেষ শ্রদ্ধা জানাতে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয় শোকের মিলনস্থলে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ। সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, জানাজা শুরু হতে তখনও প্রায় দেড় ঘণ্টা বাকি থাকলেও সংসদ ভবনের আশপাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।
ভিড় সামাল দিতে এবং জানাজা নির্বিঘ্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পরপরই মানুষের স্রোত দক্ষিণ প্লাজার ভেতরে প্রবেশ করে। জানাজার আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ প্রস্তুত রাখা হয়েছে।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি
জানাজার স্থানের উদ্দেশে রওনা দেয়। বুধবার বেলা ১১টার দিকে গুলশানে তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী গাড়িটি বের হয়।
জানাজায় অংশ নিতে আসা অনেকের চোখেমুখে ছিল গভীর শোক। তারা বলছেন, একজন আপসহীন ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে দেশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।