প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সর্বত্রই চলছে ফসলী জমি থেকে মাটি ক্রয় করে বিভিন্ন স্থানে মাটি বিক্রির ধুম। এতে গ্রামীন রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিভিন্নস্থানে ফসলী জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় এলাকার এক প্রতিবাদী যুবককে মারধর করে মাটির ক্রয়কারীরা যুবকের ব্যবহৃত বাইক কেড়ে নেওয়ায় নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সিংরইল ইউনিয়নের কিছমত কচুরি গ্রামের আব্দুল হেলিমের পুত্র সোহেল মিয়া কর্তৃক নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, গত বেশকিছুদিন যাবত মুসুলী ইউনিয়নের জামতলা গ্রামের মাটি ব্যবসায়ী আল আমিন কিছমত কচুরী গ্রামের ফসলী জমি থেকে প্রতিদিন ১৪/১৫টি টোয়েন্টি গাড়ী ভতি করে বিভিন্ন এলাকায় মাটি নেওয়ায় কিছমত কচুরী গ্রামের গ্রামীন মাটির রাস্তা ভেঙ্গে যাওয়া সহ এলজিইডি পাকা সড়কগুলো ক্ষতিগ্রস্থ হওয়ায় জনসাধারনের চলাচলের সীমাহীন দুর্গতি দেখা দেয়। এতে এলাকাবাসীর সহযোগিতায় কিছমত কচুরী গ্রামের প্রতিবাদী যুবক আব্দুল হেলিমের পুত্র সোহেল মিয়া সোমবার এলাকার রাস্তা নষ্ট করে গাড়ী করে মাটি নেওয়ার প্রতিবাদ করে মাটি ভতি টোয়েন্টি গাড়ী চলাচলে বাধা দেওয়ায় মাটি ব্যবসায়ী আল আমিনের নেতৃত্বে নগর কচুরী গ্রামের সজিব মিয়া, কিছমত কচুরী গ্রামের ফারুক, জামিল, তালবী, একলাছ, মুরাদ ও মোড়াগালা গ্রামের ফারুক মিয়া অতর্কিতে সোহেলের উপর হামলা দিয়ে বেদম মারপিট করে আহত করে এবং তার ব্যবহৃত টিভিএস ১৬০সিসি মোটরসাইকেলটি (বাইক) নিয়ে যায়। এসময় আহত সোহেল মিয়া ৯৯৯ (জরুরী সেবা) নাম্বারে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত সোহেলকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নিয়ে যায়। উক্ত ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে। এদিকে সোহেল মিয়া জানান, উক্ত ঘটনার পর থেকে মাটি ব্যবসায়ীদের হুমকীর মুখে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এলাকাবাসী জরুরী ভিত্তিতে গ্রামীন রাস্তাঘাট রক্ষায় ফসলী জমি থেকে মাটি ক্রয় করে বিভিন্নস্থানে মাটি নেওয়া বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।