প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

মোঃ রাতুল হাসান লিমনসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। শোকবার্তায় দেশটি বাংলাদেশের আধুনিক ইতিহাসে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে কাজ করেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ভেতরে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিভিন্ন দেশ ও সংস্থা শোক ও সমবেদনা জানাচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।