প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

মুজাদ্দেত হোসেন রবিন
ঢাকা রাজধানীর অন্যতম প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী ও চাঁদাবাজদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আজ বিকেলে একদল চাঁদাবাজ বাজারের ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় বাজারের সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে কারওয়ান বাজার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী কারওয়ান বাজারে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি করে আসছিল। আজ তাদের অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তারা বাজারে স্থায়ী নিরাপত্তা এবং চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।