
তোফাজ্জেল হোসাইন সিপাহী।
পটুয়াখালী-১১৪ এর চার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যেই জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম এবং শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান তাঁদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। কেন্দ্র ঘোষিত দশ দলীয় নির্বাচনী সমঝোতার প্রতি সম্মান জানিয়ে তাঁরা জনগণকে আশ্বস্ত করেন যে, কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।
বক্তব্যে তারা আরও বলেন, বিগত ১৭ বছরের মতো বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন আর দ্বিতীয়বার না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোরভাবে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।
এ সময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, আজ মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায় উপজেলা প্রশাসন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।