
মো মুশফিকুর রহমান
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ তারিখ দুপুর ২ ঘটিকায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) তিনি এ মনোনয়নপত্র জমা দেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমাদান শেষে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি গাইবান্ধা-০৩ আসনের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। এই এলাকার মানুষের ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আল্লাহর উপর ভরসা রেখে আমি নির্বাচনী মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন, এলাকার অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচিত হলে তিনি এই আসনকে একটি আদর্শ ও উন্নত আসনে রূপান্তরিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় নেতা। তাঁর মাধ্যমে এ আসনে ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মনোনয়নপত্র জমাদান উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।