প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল

সুমন আহমদ খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বাদ এশা নগরীর মিরাবাজার এলাকা থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের ষড়যন্ত্র ও দমন-পীড়ন মোকাবিলা করে জননেতা তারেক রহমান গণমানুষের শক্তিতে ভর করেই দেশে প্রত্যাবর্তন করছেন। তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।
বক্তারা আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা গণতান্ত্রিক আন্দোলন দমনের যেকোনো অপচেষ্টা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে প্রতিহত করবে।
এ সময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।