প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
কুড়িগ্রাম-৪ আসনের চিলমারীতে স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আনোয়ারুল ইসলাম জুয়েল
চিলমারী, কুড়িগ্রাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সোমবার উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন। তিনি চিলমারী সরকারী ডিগ্রী কলেজের শিক্ষতা ছেড়ে দিয়ে পিছিয়ে পড়া জনপদের মানুষের সেবার জন্য অবশেষে এমপি হিসেবে নির্বাচনের জন্য এগিয়ে এসেছেন। স্থানীয় ভাবে চিলমারী উপজেলায় যুবকদের মধ্যে যে দু' একজন এমপি পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের সমর্থন ও দোয়া কামনা করেছেন তাদের মধ্যে সাবেক প্রভাষক রোকুনুজ্জামান শাহীন উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগনের আস্থা অর্জন করেছেন। চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর এই তিন উপজেলার মধ্যে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। তন্মধ্যে চিলমারী উপজেলায় রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার ভোটার। পক্ষান্তরে অপর দুই উপজেলার মধ্যে রৌমারী ও রাজীবপুর উপজেলায় ভোট সংখ্যা বেশী হলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শক্তিশালী প্রার্থীর বাড়ি হওয়ায় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে নিজের বিজয়ের সম্ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। নিজ উপজেলা চিলমারীর মানুষের মাঝে তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে শাহীন দল-বল নির্বিশেষে সকলেরই ভোট কামনা করেছেন। ইতোমধ্যে তিনি রৌমারী, রাজীবপুর সহ নিজ উপজেলার গ্রাম,গঞ্জে ছুটে বেড়াচ্ছেন। নিজ উপজেলা ছাড়াও অপর দুই উপজেলায় তার ভোট ও সমর্থন বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি দীর্ঘ দিন থেকেই রৌমারী ও রাজীবপুর উপজেলার মানুষের সাথে যোগাযোগ করে আসছি এবং ব্যাপক সাড়াও পেয়েছেন। এবারের নির্বাচনে তার জয়লাভের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের নিকট থেকে রোকুনুজ্জামান শাহীন তার এলাকাবাসীকে সাথে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সর্ব প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।